নাজির আহম্মেদ স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে, ১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতা অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাকে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে, যা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অসম্মানজনক। তিনি বলেন, “যিনি সভাপতি ছিলেন তিনিই এখন আহ্বায়ক, অথচ আমাকে তৃতীয় সদস্য করা হয়েছে। আমার ঊর্ধ্বে যাদের রাখা হয়েছে, তারা বয়সে আমার চেয়ে ছোট। এভাবে অবমূল্যায়িত হয়ে রাজনীতি করা সম্ভব নয়, তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও দাবি করেন, এই কমিটি তৈরিতে তারেক রহমানের নির্দেশে শুধুমাত্র তার নাম রাখা হলেও মূলত সভাপতির ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়েই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যদের বিষয়ে প্রশ্ন তুলে আতাউর রহমান আতা বলেন, “গোলাম আবেদীন কায়সার গত ১৫ বছর দেশের বাইরে ছিলেন, অথচ তাকে এনে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। অপর সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজনের নিজস্ব কোনো কর্মী-সমর্থক নেই, তার বাড়ি শিবালয়ে।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তকে কমিটিতে রাখা হয়নি। অথচ তারা দলের দুর্দিনে সক্রিয় ছিলেন।
আতা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে কমিটির তৃতীয় সদস্য করা হয়েছে যাতে ভবিষ্যতে সদস্যসচিব মনোনয়নে তাকে পাশ কাটিয়ে উপরের দুই সদস্যকে অগ্রাধিকার দেওয়া যায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু ও সাবেক ছাত্রদলের সভাপতি বর্তমান বিএনপি নেতা মাহবুব হোসেন মোহাব্বত প্রমুখ।
Reporter Name 















