মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ওই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৪ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য অংশ নেন। অভিযানে পাকিস্তান প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা এবং কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত পিস্তল, ককটেল বোমা ও অন্যান্য অস্ত্র-সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: 














