মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৎ ভাইয়ের ছেলের ছোড়া ইটের আঘাতে চাচা নিহত হয়েছেন—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ জামশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমির খান (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হোসেন খানের ছেলে এবং তিন সন্তানের জনক।
অভিযুক্ত হিসেবে নাম এসেছে তার সৎ ভাই খোরশেদ খানের ছেলে ফয়সাল খান রিফাত (২২)-এর।
সরে জমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে আমির খান ও তার ভাতিজা ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, নিহত আমির খানের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধের একপর্যায়ে ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে তাতে আঘাত পেয়ে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে অভিযুক্ত ফয়সাল খান রিফাত অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তর্ক-বিতর্কের একপর্যায়ে আমির খান স্ট্রোক করে মারা যান। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে জানা গেছে দেয়ালের পেছন দিক থেকে ঢিল ছোড়া হয়েছিল। নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: 









