মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, দেশের শিল্প বিপ্লবের অন্যতম অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, মানিকগঞ্জের বহুল প্রত্যাশিত একমাত্র আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার উদ্বোধন এবং দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত আইসিইউ সেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা মানিকগঞ্জের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান মানিকগঞ্জসহ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান আজও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দিনব্যাপী আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি নবউদ্বোধিত আইসিইউ সেবা চালুর মাধ্যমে মানিকগঞ্জের গুরুতর রোগীদের উন্নত চিকিৎসা পাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিনিধি: 
















