দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় যুক্ত হলো এক নতুন ডিজিটাল অধ্যায়। দলিল নিবন্ধনের পর ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দেওয়ার দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতির অবসান ঘটিয়ে সরাসরি ‘এ-চালান’ (Automated Chalan)-এর মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এই নিয়মের ফলে এখন থেকে দলিল নিবন্ধনের ফি এবং করাদি ব্যাংকের পে-অর্ডারে আটকে না থেকে, এ-চালানের মাধ্যমে সরাসরি ও রিয়েল টাইমে (তাৎক্ষণিক) সরকারি কোষাগারে জমা হবে। এর আগে দলিল রেজিস্ট্রির জন্য শুধুমাত্র উৎসে কর ও ভ্যাট এ-চালানে দেওয়া গেলেও, এখন থেকে রেজিস্ট্রেশন ফিসহ অন্যান্য সকল কর ও ফি এই ডিজিটাল সেবার আওতায় আনা হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এতদিন দলিল নিবন্ধনের পর রাজস্বের টাকা ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে জমা হতো, যা সরকারি কোষাগারে পৌঁছাতে দিনের পর দিন সময় লেগে যেত। এই দীর্ঘসূত্রতার কারণে বড় অঙ্কের রাজস্ব সরকারি হিসাবের বাইরে পড়ে থাকত। এ-চালান ব্যবস্থা চালুর ফলে একদিকে যেমন সরকারের বিপুল অঙ্কের রাজস্ব সাথে সাথে কোষাগারে জমা হবে, অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য ভূমি নিবন্ধন প্রক্রিয়া অনেক বেশি দ্রুত, স্বচ্ছ এবং সহজ হবে।
এই ঐতিহাসিক উদ্বোধনী কার্যক্রমে অর্থ বিভাগের বিএসিএস ও আইবাস প্লাস প্লাস (iBAS++) স্কিমের এ-চালান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। উদ্বোধনের পর প্রথম দলিল হিসেবে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কেল্লাই গ্রামের বাসিন্দা কানিজ ফাতেমা তাঁর দলিল নিবন্ধনের ফি সরাসরি এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 















