মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) ও মেয়ে সাইফা আক্তার (২)। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শিখা আক্তার সন্তানদের বিষপান করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। আরাফাত স্থানীয় শাহীন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রতিবেশীরা জানান, সোমবার রাত থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে খাটে শিখার লাশ এবং মেঝেতে দুই শিশুর লাশ উদ্ধার করে।
জানা গেছে, নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। কয়েক দফায় ওঠানামার পর চলতি মাসের শুরুতে তিনি সন্তানদের নিয়ে ওই বাসায় আবার ওঠেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “ঘটনার পেছনে পারিবারিক দ্বন্দ্বই মূল কারণ হতে পারে। তদন্ত চলছে।”
নিজস্ব প্রতিবেদক : 














