মানিকগঞ্জ প্রতিনিধি | ৬ আগস্ট ২০২৫:
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় মিথ্যা চুরির অভিযোগে আটক দুই স্কুল শিক্ষার্থীর মুক্তি ও নির্যাতনকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে সাটুরিয়া প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ছাত্র আকাশের বাবা বিল্লাল হোসেন।
তিনি অভিযোগ করেন, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার এলাকার সফিকুল ইসলাম, উজ্জল মিয়া, মান্নান উদ্দিন, জীবন আহমেদ জয়, নুরুল ইসলাম, মামুন, মাহবুব ওরফে নজরুল ইসলাম এবং মিলনসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছে। নির্দিষ্ট করে তিনি জানান, গত ২৩ জুলাই সকালে বালিয়াটি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আলমগীর হোসেন (১২) ও আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আকাশ (১৬) কে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায় অভিযুক্তরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আকাশকে সার গুদামে নিয়ে গিয়ে তার ডান পায়ের মাংস ছিঁড়ে ফেলা হয় এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চলে এই নির্যাতন। পরে তাদের ‘চোর’ বলে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, তারা সাটুরিয়া থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
সংবাদ সম্মেলনে আকাশের মা মোছা. পারুল বেগম, দাদা আলমাস, এবং এলাকাবাসী আলিম, সামছুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিনুল ইসলাম বলেন, “দুই শিক্ষার্থীকে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আটক করে আদালতে পাঠানো হয়। তাদের বয়স কম হওয়ায় বিজ্ঞ আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।”
Reporter Name 












