বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের বিরুদ্ধে।
সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১–২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হলেও হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এতে রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা উত্তোলনে অনিহা ও অবমাননার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন ও অর্ধনমিত রাখা বাধ্যতামূলক।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন,
“রাষ্ট্রীয় শোক দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। প্রশাসনের এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।”
এ প্রসঙ্গে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানাকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি জানান,
“প্রতিটি উপজেলার সকল দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই নির্দেশনা মানেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মোহাম্মদ আলী | স্টাফ রিপোর্টার: 














