মানিকগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে নতুন করে গতি সঞ্চারের লক্ষণ দেখা যাচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা কঠোর অসন্তোষ প্রকাশ করেন। সভায় তিনি স্পষ্টভাবে বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিতে হবে, কোনোভাবেই দায়িত্বহীনতার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রীর ওই কঠোর অবস্থানের মাত্র চারদিন পর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি করা হয়। এর পরপরই জেলার প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে তৎপরতা বৃদ্ধি লক্ষ্য করা যায়। মানিকগঞ্জের জেলা প্রশাসক, পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ দায়িত্বশীল কর্মকর্তারা পৌরসভার চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করাও জরুরি। অনেক ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে নিয়মিত অফিস ফাঁকি, সেবাগ্রহীতাদের ভোগান্তি এবং দায়িত্ব পালনে অনীহার অভিযোগ দীর্ঘদিনের।
জনগণের প্রত্যাশা, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং অফিস সময়ের শুরু ও শেষে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে। কারণ জেলা প্রশাসকের পদ যেমন মর্যাদাপূর্ণ, তেমনি জনগণের প্রতি দায়বদ্ধতারও প্রতীক।
সচেতন নাগরিকরা প্রশাসনের সাম্প্রতিক মাঠপর্যায়ের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত পরিদর্শন ও কার্যকর নজরদারির মাধ্যমে সরকারি সেবার মান বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি প্রশাসনের ভালো কাজের প্রশংসা যেমন করা হবে, তেমনি অনিয়ম ও গাফিলতির বিষয়গুলোও তুলে ধরা হবে জনস্বার্থে।
নিজস্ব প্রতিবেদক : 






















