বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) বেলা ১১ টার সময় মানিকগঞ্জ তার নিজ বাসভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দল কেন্দ্রীয় সংসদের সদস্য মানিকগঞ্জ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুল্লাহ নোমানী
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের মানুষ আজীবন স্মরণ করবে। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হবার নয়। তবে তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
এসময় উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
স্টাফ রিপোর্টার | মানিকগঞ্জ 














