আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে তিনি স্বামী মইনুল ইসলামকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নূর তাজ আলম বাহার এবং অ্যাডভোকেট মোকসেদুর রহমান।
এর আগে একই দিন সকাল থেকেই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির মনোনয়নপত্র জমা দেন। পরে বেলা পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান এবং দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : 















