নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা চলাকালে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম শামস আলামিন তানিম (২৩)। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী ও হুইপ স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত একটি পথসভায় অংশ নেন। সভা শেষে তাঁরা যখন মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ ওই যুবক মন্ত্রীর খুব কাছাকাছি চলে যান। এ সময় মন্ত্রীর সাথে তাঁর দুইবার ধাক্কা লাগে। বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাঁকে তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়। কোনো কোনো প্রত্যক্ষদর্শীর দাবি, যুবকটি হুইপ দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টাও চালিয়েছিলেন।
আটক তানিম নিজেকে শিক্ষার্থী দাবি করে পুলিশকে জানান, উদ্ধারকৃত পিস্তলটি তাঁর বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার জন্য তিনি সেটি নিজের কাছে রেখেছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, আটক যুবকের কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 
















