পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সজিব মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সজিব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের চক দিয়াইল গ্রামের মো. আরশেদ মোল্লার ছেলে। গত শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের অফিসার্স কোয়ার্টারের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ তাঁর মৃত্যুর খবর মানিকগঞ্জের ঘিওরে পৌঁছালে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব মোল্লা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাতে কোয়ার্টারের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সজিব মোল্লা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মানিকগঞ্জের ঘিওরে সজিবের গ্রামের বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসার পর থেকেই স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। মাত্র ২৭ বছর বয়সী এই তরুণ সেনা সদস্যের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও প্রতিবেশীরা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 















