ঘিওরের বড়টিয়ায় সাধারণ মানুষের সাথে এস এ কবীর জিন্নাহর মতবিনিময়
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এস এ কবীর জিন্নাহ সম্প্রতি ঘিওর উপজেলার বড়টিয়া এলাকায় স্থানীয় জনগণের সাথে একটি উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই আয়োজিত এই সভায় এলাকার গণ্যমান্য মুরুব্বি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ মানুষের অভাব-অভিযোগ এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় এস এ কবীর জিন্নাহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আগামী পাঁচ বছরে এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
মতবিনিময় সভায় বিগত পাঁচ মাসের দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, নদীভাঙন রোধ এবং দুস্থ মানুষের সহায়তায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরা হয়।
জনগণের পক্ষ থেকে আসা বিভিন্ন সমস্যা ও মতামতের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা হয় এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দেওয়া হয়। এমপি এস এ কবীর জিন্নাহর এই সরাসরি সম্পৃক্ততা ও সহজলভ্যতা বড়টিয়া এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 
















