মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক সংবাদকর্মীর বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার আইরমারা এলাকায় মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলামসহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে কোনো পূর্বঘোষণা ছাড়াই ক্ষমতার দাপট দেখিয়ে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি আমিনুর রহমানের বসতবাড়ির জমিতে জোরপূর্বক খুঁটি স্থাপন করে। এ সময় জসিম ও তার সহযোগীরা সংবাদকর্মীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এমনকি বাড়ির চারপাশে বেড়া দিয়ে পরিবারটিকে কার্যত অবরুদ্ধ করে রাখার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জসিম ও তার সহযোগীরা দাবি করেন, তাদের বাড়ির পাশের একটি জমি আউশী বিবি সাব কবলা দলিলের মাধ্যমে ১০ শতক জমি ক্রয় করেছেন, যা তাদের না জানিয়েই করা হয়েছে। তারা জানান, ওই জমিটি তাদের প্রয়োজন ছিল। পরে তারা তিনজন মিলে জোসন আলীর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেন। এ জমি নিয়েই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। তারা আরও বলেন, ভুক্তভোগী পরিবার জমি তাদের কাছে বিক্রি করলে কোনো ঝামেলা হবে না।
অন্যদিকে স্থানীয় এলাকাবাসী জানান, বিষয়টি একাধিকবার গ্রাম শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও জসিম ও তার পরিবারের লোকজন কোনো সাড়া দেয়নি। নিরুপায় হয়ে সংবাদকর্মী আমিনুর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন,
“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দ্রুত ও সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার,আবু বক্কর সিদ্দিক : 















