দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ জেলে মো. ইসমাইল হক (৬৫)-এর মরদেহ দীর্ঘ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে। বুধবার দুপুরে হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।
মরদেহ দেশে ফেরার সময় হিলি সীমান্তে স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত ইসমাইল হক বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, গত ৩০ এপ্রিল বিকেলে পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজের চারদিন পর ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
দুই দেশের আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা শেষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তায় মরদেহ দেশে ফেরানো সম্ভব হয়। হিলি সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় বিজিবি, বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক : 








