মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধরে গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগী সোহেল বেপারী (৩০)।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার পয়লা ইউনিয়নের নিলুয়া এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোহেল বেপারী নিজ বাড়ি থেকে গরু কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে নিলুয়া এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতি রোধ করে। তিনি থামা মাত্রই হামলাকারীরা রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে হামলাকারীদের একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়। পরে তারা দেশীয় অস্ত্র ও পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা গরু ক্রয়ের নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সোহেল বেপারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই দেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় সোহেল বেপারী ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি পাইলট (৪৫), শুভ (২৫), পাভেল (২৮), বিলাল (৪৮), আদম (৫৫)সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত করেন।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: 














