
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের অক্সফোর্ড স্কুলসংলগ্ন এলাকা এখন পরিণত হয়েছে স্থায়ী ময়লার ভাগাড়ে। রাস্তায় ফেলা আবর্জনার দুর্গন্ধে নাক চেপে চলাচল করছে পথচারীরা। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অবহেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে তাদের, আর এতে ডেঙ্গুসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, স্কুলের পূর্বপাশ ঘেঁষেই গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। নোংরা দুর্গন্ধে পথচারী ও শিক্ষার্থীদের হাঁটাচলা কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাক চেপে ধরেই আমাদের চলতে হয়। প্রশাসন যদি ময়লাগুলো দ্রুত না সরায়, তাহলে জনস্বাস্থ্য ভয়াবহ সংকটে পড়বে।”
অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ আচার্য জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী এ রাস্তা দিয়ে যাতায়াত করে। দুর্গন্ধ ও নোংরার কারণে শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। তিনি দ্রুত ময়লা অপসারণের দাবি জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খোলা জায়গায় ময়লা ফেলার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। দুর্গন্ধ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পাকস্থলীতে গিয়ে নানা সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও প্রবীণরা। এছাড়া জমে থাকা আবর্জনা থেকেই জন্ম নিচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া বাহক মশা।
স্থানীয়দের অভিযোগ, স্থায়ী ময়লা ফেলার জায়গা না থাকায় বছরের পর বছর এভাবেই ময়লা রাস্তায় ফেলা হচ্ছে। তবু প্রশাসন কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেনি।
চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “জায়গাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।” তবে বাসিন্দাদের অভিযোগ, এসব আশ্বাস বহুদিন ধরেই শুনে আসছেন তারা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি 















