মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাঠ পর্যায়ের কৃষকদের অংশগ্রহণে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ মশিউর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা অংশ নেন।
বক্তারা বলেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বিষমুক্ত ও পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, যান্ত্রিকীকরণ এবং উত্তম কৃষি চর্চা (জিএপি) সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব।
সভায় আরও জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে রূপান্তর ও বাণিজ্যিকীকরণ জোরদার করা হবে। কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে দেশের কৃষিকে নিরাপদ, পুষ্টিকর ও টেকসই করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: 






















