মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকার ছোট পয়লা গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী পবিত্র দোয়া মাহফিল ও হালকায়ে যিকির। আগামী ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ মাহফিলকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মুসলমানদের আধ্যাত্মিক উন্নতি সাধনের লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী থাকবে কুরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা, জিকির-আজকার ও বিশেষ দোয়া। শনিবার সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, পীরে কামিল ও শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। তিনি তা’লিমে ইসলাম, মানিকগঞ্জ-এর শায়খ এবং জামিয়া আরাবিয়া ছিদ্দীকিরা দারুল উলূমের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসী জানান, “প্রতিবছরের মতো এ বছরও মাহফিলকে ঘিরে আমাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে এসে অংশগ্রহণ করেন। আমরা আশা করছি, এবারও আল্লাহর রহমতে মাহফিল সফলভাবে সম্পন্ন হবে।”
ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আলম বাবু বলেন, “এ ধরনের আয়োজন মানুষের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা জাগায় এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি আশা করা হচ্ছে। আয়োজকরা সকল মুসলিম ভাইদের এ আধ্যাত্মিক মাহফিলে অংশগ্রহণ করে দোয়া ও জিকিরে শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 














