মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা জোরদার করতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে এক ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ঘিওট উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মাদকবিরোধী হই সচেতন বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয় মাদক ও ইভটিজিংবিরোধী জনসমাবেশ। আয়োজন করে বানিয়াজুরী ইউনিয়নবাসী।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
তিনি বলেন, একটি সমাজ তখনই শক্তিশালী হয় যখন তার তরুণ প্রজন্ম সুস্থ ও সচেতন থাকে। মাদক ও ইভটিজিং সেই ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে। তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে আগে মানসিকতার পরিবর্তন জরুরি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এস. এ. জিন্নাহ কবির। তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ যদি মাদকের অন্ধকারে হারিয়ে যায়, তাহলে জাতির অগ্রগতি থেমে যাবে। শুধু আইন নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইভটিজিং কোনো ছোট অপরাধ নয়। এটি নারীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। ছেলে শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও নারীর প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমূখ।
ওসি মীর মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান সমাজ থেকে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও তথ্য দিয়ে সহযোগিতা করলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান সন্তানদের গতিবিধির ওপর নজর রাখতে এবং যে কোনো অপরাধমূলক কার্যক্রম দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে।
উপস্থিত বক্তারা জানান, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, একটি প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। তাই তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কাজে সম্পৃক্ত রাখার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেন, শুধু আলোচনা নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।
মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। 














