মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল গভীর রাতে সাটুরিয়া থানার কামতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কামতা এলাকায় একদল যুবক মাদক সেবন ও এলাকায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৪ জন যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত যুবকদের রাতেই সাটুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। সেখানে মাদক সেবন, অবৈধ অস্ত্র রাখা এবং এলাকায় শান্তি বিনষ্টের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃত ৪ যুবকের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের আজ সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের আকস্মিক অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 

















