মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বহলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজসেবক মোঃ মনোয়ার হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রহমান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর দেওয়ান, বলড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন এবং বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনার হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্য ও অভিনয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: 















