মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাহিরচর পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় রশিদের বসতবাড়ি।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভুক্তভোগী রশিদ জানান, রান্নার চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই সিলিন্ডার গ্যাসে আগুন লাগে এবং সেখান থেকে পাশের বড় ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী পরিবারের আনুমানিক ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার : 















