মানিকগঞ্জের ইসলামি চিন্তাবিদ ও শায়খ মুফতী ড. মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, আন্তর্জাতিকভাবে সুপরিচিত ও সম্মানিত একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপ্রধান হলে দেশের বৈশ্বিক ভাবমূর্তি, কূটনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর আস্থা বাড়াতে সহায়ক হতে পারেন। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এমন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শায়খ মুফতী ড. মনযুরুল ইসলাম ছিদ্দিকী বলেন, রাজনৈতিক মেরুকরণের এ সময়ে এমন একজন রাষ্ট্রপ্রধানের প্রয়োজন, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবেন। তার মতে, ড. মুহাম্মদ ইউনূস সেই ধরনের একজন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে পারেন।
তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ ও উন্নয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব রাষ্ট্রের নেতৃত্বে থাকলে আইনের শাসন এবং বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা আরও সুদৃঢ় হতে পারে। এর ফলে বিদেশে চলে যাওয়া মেধা ও পুঁজি দেশে ফিরে আসার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং অর্থনীতি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শায়খ মুফতী ড. মনযুরুল ইসলাম ছিদ্দিকীর মতে, কেবল রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে দেশের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং প্রয়োজন কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার। তিনি ড. মুহাম্মদ ইউনূসকে এমন একজন সম্ভাব্য সংস্কারক হিসেবে উল্লেখ করেন, যিনি বিদ্যমান ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হতে পারেন।
তিনি দেশের বৃহত্তর স্বার্থে একটি ‘ঐকমত্যের সরকার’ গঠনেরও আহ্বান জানান। তার ভাষ্য, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হতে পারে। এর মাধ্যমে অর্থনীতি, প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার আহ্বান এবং এ বিষয়ে উত্থাপিত মতামত শায়খ মুফতী ড. মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকীর ব্যক্তিগত রাজনৈতিক ও নীতিগত অভিমত।
স্টাফ রিপোর্টার : 












