নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সকল সরকারি দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টা ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এ জিন্নাহ কবীর বলেন, “সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।” তিনি আরও বলেন, “ঘিওর উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অবকাঠামো খাতের চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করে যাব।”
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : 















