মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন—এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (আজ) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
লিটন বলেন, “আতাউর রহমান আতা রাজনীতিতে একজন পথভ্রষ্ট ব্যক্তি। নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তিনি যেসব ভিত্তিহীন, উদ্ভট ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তা সুস্থ রাজনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “আতা ইচ্ছাকৃতভাবে সম্মানিত রাজনৈতিক নেতা ও সংগঠনের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছেন। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার।”
সংবাদ সম্মেলনে বুধবার আতাউর রহমান আতার করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে লিটন বলেন, “শ্রমিকদলের সাধারণ সম্পাদক হিসেবে আমি ও বাস মালিক সমিতির সভাপতি সিহাব সুমন তার বাড়ির সামনে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছি—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করতেই তিনি এসব অপবাদ ছড়াচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, আতাউর রহমান আতা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রাজনীতিতে বিভ্রান্ত পথে হাঁটছেন। “তার অনুমাননির্ভর, মিথ্যা ও মানহানিকর বক্তব্য সমাজ ও রাজনীতির জন্য হুমকিস্বরূপ। যেকোনো সময় ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করতে পারেন,”—বলেন তিনি।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে আতাউর রহমান আতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি সিহাব সুমন বলেন, “আতাউর রহমান আতার আপন ভাতিজি-জামাতা জাহাঙ্গীর আলম জিকু বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এটি চরম নিন্দনীয়।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রোমান, জেলা শ্রমিক দলের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিক মাহবুব কাউসার, জেলা যুবদল নেতা আতিকুর রহমান ফরিদ, জেলা শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, এর আগে বুধবার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা এক সংবাদ সম্মেলনে শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও বাস মালিক সমিতির সভাপতি সিহাব সুমনের বিরুদ্ধে তার বাড়ির সামনে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।
স্টাফ রিপোর্টার : 
















