মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কুস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা।
ঘিওর থানা পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এসআই (নিঃ) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে রাত্রীকালীন টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুস্তা এলাকার একটি ভাড়া দেওয়া বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে মাদক বিক্রির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)। পুলিশের দাবি, তল্লাশিকালে লিটনের কাছ থেকে ২৯ পিস, সুমনের কাছ থেকে ৮ পিস এবং খোকনের কাছ থেকে ৮ পিসসহ মোট ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদক জব্দ করে সিলগালা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, লিটন ও সুমনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, অভিযানের পর মাদক কারবারীরা স্থানীয় বিএনপি নেতাকর্মীকে নিয়ে হুমকি দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব রহমান বলেন, উদ্ধার হওয়া আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 











