সাভারের নয়ারহাট ইউনিয়ন ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। জমির খারিজ (নামজারি) করতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় না করলে ফাইল নড়ছে না—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শাহ আলম জানান, তিনি নিয়ম অনুযায়ী জমির খারিজ করতে ভূমি অফিসে গেলে তাকে বিভিন্ন অজুহাতে ঘুরানো হয়। পরে অফিসের আশপাশে অবস্থান করা কিছু বহিরাগত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়ার প্রস্তাব দেয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার আবেদন আর এগোয়নি বলে দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিস চত্বরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালালচক্র সক্রিয় রয়েছে। তারা নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেকেই হয়রানি এড়াতে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাচ্ছেন।
সচেতন মহল বলছেন, সরকারি সেবা নিতে গিয়ে যদি জনগণকে দালালদের শরণাপন্ন হতে হয়, তবে তা প্রশাসনিক দুর্বলতার স্পষ্ট প্রমাণ। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীরা জানান, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষ এ ধরনের হয়রানির শিকার হতে থাকবেন।
এ বিষয়ে নয়ারহাট ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার : 















