মানিকগঞ্জ ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে এক কলেজছাত্র নিহত। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল–ঘিওর–বরংগাইল আঞ্চলিক মহাসড়কে উপজেলা বটতলা এলাকায় নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাগরপুর উপজেলা থেকে কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশিক তার বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে বরংগাইলের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। গুরুতর আহত আলামিনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের চলমান উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিক লাভের আশায় সড়কের দুই পাশে নির্ধারিত মান অনুযায়ী ঢালু না করায় এমন ছোটখাটো দুর্ঘটনা বেড়ে প্রাণহানির মতো মর্মান্তিক পরিণতি ঘটছে। বিশেষ করে নতুন ব্রিজ সংলগ্ন অংশে সড়কের পাশ হঠাৎ উঁচু-নিচু হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি প্রশাসনের কঠোর নজরদারিতে আনার দাবি জানান এলাকাবাসী।
জাতীয় স্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উন্নয়নকাজে মান বজায় রাখা ও সংশ্লিষ্ট দপ্তরের তদারকি বাড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সড়ক ও জনপথের উপ- বিভাগীয় প্রকৌশলী মো: আব্দুল কাদের জিলানী বলেন,
“ঘিওর–বরংগাইল সড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় নির্মাণ ও সংস্কারকাজ চলমান রয়েছে। তবে সড়কের পাশে ঢালু নিয়ম অনুযায়ী করা হয়েছে।
ঘিওর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
নিজস্ব প্রতিবেদক : 









