মানিকগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ – ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (সকাল সাড়ে ৭টা) মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি বাজারে এবং সকাল ১০টায় শহরের বড় বাজারে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় নির্বাচন পরিচালনার অন্যতম সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলী আশরাফ। এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পৌর মৎস্যজীবী দলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
প্রচারণাকালে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে এলাকাবাসী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রে গেলে বলা হতো—আপনাদের ভোট আগেই হয়ে গেছে। এবার আমরা নিজেরাই ভোটকেন্দ্রে যাব, নিজের ভোট নিজে দেব এবং ধানের শীষ প্রতীকে ভোট দেব।”
নির্বাচনী প্রচারণায় বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া বলেন,
“দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। ভোটকেন্দ্রে গেলেই বলা হয়েছে—ভোট হয়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে নেমেছে। আমরা চাই, মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিক।”
তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের কণ্ঠস্বরের প্রতীক। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মৎস্যজীবী দল সবসময় বিএনপির পাশে থাকবে।”
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলী আশরাফ। তিনি বলেন,
“দেশের গণতন্ত্র আজ সংকটে। তরুণ সমাজ আর নীরব থাকতে চায় না। তারা চায় সুষ্ঠু নির্বাচন, চায় অবাধ ভোট। বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন হবে জনগণের নির্বাচন। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে আমরা সতর্ক নজর রাখব। জনগণের রায়ের বাইরে কোনো ফলাফল আমরা মেনে নেব না।”
স্টাফ রিপোর্টার: 















