মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ও বিএনপির নেতা অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি মেনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে তাঁকে।
জানা যায়, জামিলুর রশিদ খান দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পাশাপাশি জেলা যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁর এই নিয়োগে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে নানা পোস্ট দেখা গেছে।
অ্যাডভোকেট জামিলুর রশিদ খান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত-এর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: 









