শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত দক্ষতা এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক। তিনি জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে জেলা শিক্ষা কমিটির যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও কার্যকর পদ্ধতির প্রয়োগ, ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশের মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মোহাম্মদ আব্দুল খালেক দীর্ঘ ২৮ বছর ধরে শিক্ষকতা পেশায় সুনামের সাথে নিয়োজিত থেকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন।
এই গৌরবময় অর্জনে অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি সবসময় আনন্দের ও অনুপ্রেরণার। এই অর্জন আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মান আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল।”
তার এই সাফল্যে মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা, শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়দের মতে, তাঁর এই অর্জন শিবালয় উপজেলা তথা গোটা জেলার প্রাথমিক শিক্ষাঙ্গনের জন্য এক বিরাট গর্ব ও গৌরবের বিষয়।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 

















