মানিকগঞ্জ জেলা শহরে শৌচাগারের (টয়লেট) ভেতরে মাংস ও চাল ধোয়া এবং খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের মতো মারাত্মক অপরাধে তিনটি নামী রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের শহীদ রফিক সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামক একটি নামী রেস্তোরাঁয় অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, রেস্তোরাঁটির কর্মচারীরা টয়লেটের ভেতরে রেখে বিরিয়ানির মাংস ও চাল ধোয়ার কাজ করছিলেন। এছাড়া রান্নাঘরে খাবারে ব্যবহারের জন্য রাখা নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে তাদের রান্নাঘর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের দায়ে ‘হাজী নান্না বিরিয়ানি হাউজ’কে ২৫ হাজার টাকা এবং ‘দ্বীন দুনিয়া রেস্তোরাঁ’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বিরিয়ানি হাউজ তাদের রান্নাঘর পরিষ্কার ও নিরাপদ স্থানে স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এই ঘটনায় জেলাজুড়ে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পিযুষ পাল, স্টাফ রিপোর্টার 
















