
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের মেম্বার শ্রমিকলীগের সহ সভাপতি আব্দুল মান্নান বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিউলী আক্তার শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শিউলী আক্তার উপজেলার কাতরাসিন গ্রামের আব্দুস সালামের স্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় ইট সলিং রাস্তা নির্মাণের সময় মেম্বার আব্দুল মান্নান সরকারি জায়গায় মাটি ভরাট না করে জোরপূর্বক শিউলী আক্তারের বাড়ির সীমানা দিয়ে মাটি ভরাট করেন।
গত ১৫ মে রাত ৯টার দিকে ভুক্তভোগীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মেম্বার মান্নান শিউলী আক্তারকে বলেন— “আপনি যদি রাস্তা করতে না দেন, তবে এখানে ৩ হাজার ৫০০ টাকার মাটি ভরাট হয়েছে, সেই টাকা দিয়ে দিতে হবে।” পরে ভুক্তভোগী নগদ টাকা পরিশোধ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, টাকা নেয়ার পর মেম্বার আব্দুল মান্নান ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন— “আমাকে ৫০ হাজার টাকা দিলে এই রাস্তা বন্ধ করে দেব। আপনার জমিতে আর কোনো ইটের রাস্তা হবে না। টাকা না দিলে শান্তিতে বসবাস করতে পারবেন না।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন শ্রমিকলীগের নেতা মান্নান এখন পাল্টি দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার করছে। এখন সে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে বেড়ান বলে জানিয়েছেন এলাকাবাসী।
শিউলী আক্তার বলেন, “সরকারি প্রকল্পের নামে জোর করে আমার বাড়ির সীমানা দিয়ে রাস্তা করা হয়েছে। এরপর উল্টো আমার কাছেই টাকা দাবি করা হয়। আমি ভয়ে টাকা দিয়েছি। এখন আবার বড় অঙ্কের টাকা চাইছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে চাঁদা দাবি করিনি। উন্নয়নের কাজকে বাধাগ্রস্ত করতে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 





















